Wednesday, 20 September 2023

কবিতা

বনশালুকি জল পর্ব -৩

দেবাশিস সাহা'র কবিতা -

∆∆
শস্যগোলা

মা রঙের মেয়ের কাছে
জন্ম থেকেই শস্যগোলা 
বয়স বাড়তে থাকলেই
ঘড়া পূর্ণ হতে থাকে শিশুখাদ্যে
বাবা রঙের ছেলের কাছে থাকে 
সেই শস্যগোলা খোলার চাবিকাঠি 
ছেলে রঙের বাবা মন পাঠায়
মেয়ে রঙের মায়ের কাছে
জোছনায় ভেজা মন
পাহাড় সমুদ্র পেরিয়ে পৌঁছে যায়
সেই শস্যগোলার কাছে
আড়ালে হেসে ওঠে ঈশ্বর...... 


∆∆
সম্পর্ক 

অপমানে পুড়ে পুড়ে
খাঁ খাঁ বাজপড়া তালগাছ
কোথাও কোনো স্নেহ নেই  প্রেম নেই
শুধু অবিশ্বাসের হাওয়া খেলা করে
পোড়া তালগাছের ছায়ায়
ছায়ার আড়ালে অভিমান জমে জমে মেঘ
ছায়ার কাছে মা এসে দাঁড়ালেই
ঝর ঝর 
             ঝর ঝর 
 ঝর ঝর
মা ও তালগাছের সে কি কান্না
শান্তি  
শান্তি 
শান্তি 


∆∆ 
ডেডবডি

একদিন   টুপি থেকে চলে যাবে গন্ধ
একদিন   ডাকনাম ভুলে গিয়ে 
   সবাই তোমাকে ডেডবডি বলে ডাকবে
একদিন 
          সবকিছু নদীতে ভাসিয়ে দিয়ে
  চুমু খেতে চলে যাবে চুল্লির ভিতর... 


∆∆ 
চন্দ্রপৃষ্ঠ ও কলঙ্ককথা

চাঁদে তোমার আলতা মাখা পায়ের ছাপ
আলতা ও সিঁদুর খেলা কি
মহাকাশে মানায়
কানাই এখানে বাদাম ফেরি করে
তুমি তো এখন চন্দ্রকলা
তোমার বিন্দি জ্বলে 
আমরা চাঁদ বলি
জোছনা এসে সরিয়ে দেয় আড়াল 
মেতে উঠি মাতনে
তুমি চন্দ্রবিন্দু পাঠাও
আমি পৌঁছে যাবো
 তোমার কলঙ্ক মাখা কপালে। 
অলংকরণ - সুধাংশু বাগ
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

Saturday, 16 September 2023

কবিতা

বনশালুকি জল পর্ব -২
শান্তিব্রত‌ বারিক এর কবিতা -

 ∆∆
আঙুল অববাহিকা 

১. 
দেহজ কান্নার সময়লিপি
তোমাকে জানাইনি ইচ্ছে করে
তুমি একাদশ শ্রেণীর ষোড়শী মেয়ে
খুব সহজে বিশ্বাস করবে কি 
জানালার হাড়ে মনখারাপের দুঃখজল ।
বিষাদ বাগান বুকের ভেতর
তোমায় নিয়ে ধামসা মাদল
তোমার সুরে ভাদুগান !

বিজ্ঞানের ক্লাসে নিরুচ্চার বুদবুদ
একটা বাদাম একবারই ভাঙে...

২.     
ফসল তোলার কয়েক বিকেল পর
ধাতুক্ষয় নিয়ে বসে থাকে একলা মাঠ
যেকটা দিন ছিলে কাঁটা উলের সংসারে
খুব দ্রুত পড়ে যাওয়া ডিম বীজ কেশর
জমিয়ে রেখেছি আলমারীর আতর গন্ধে।

নিছক বৃষ্টির আবিষ্কার প্রণালী
খোঁপায় গুঁজে সামনে দাঁড়াও
সময়ের গহ্বরে শ্যাওলা জমে
কাটাকুটি সাঁতারে শামুক হতে
চায় কামড়ের নেশাগুলো...

৩.       
বাইরে শুধু বৃষ্টি, ভেতরে জমে বিশ্বাস 
তোমার গান অনেক দিনের চেনা নলকূপ
মেঘ তুলে রাখো, খরচ হয় খোঁড়া নালিশ
পরজন্ম তোমাকে কৃপণ করেছে নৌকায় 

দূরত্ব সৃষ্টির কায়দায় জিভের শিল্প খোঁজো
হ্রদের কাছে নিভে গেল পোড়া সেফটিপিন

রাতের মতো স্বচ্ছ ঝঞ্ঝাটে তৃপ্তি পাও
দেখা হলেই শেষ হবে রমণ ধাক্কার শোক
গায়ের রং ভুলে গিয়ে প্রতি স্নানের আগে
থালায় ঝুঁকে পড়ে সাদা লিঙ্গের ঘুঙুর...

অলংকরণ - সুধাংশু বাগ 

Friday, 15 September 2023

কবিতা

বনশালুকি জল পর্ব -২
সায়ন্তনী হোড়‌ এর কবিতা -

∆∆
এবং তীব্রতা

নুয়ে পড়া রৌদ্র আরো পিছিয়ে গেলে
সহজবোধ্যতা গুঁড়ো হয়ে যায়
থিকথিক করছে বালির স্রোত
তার উপর শুয়ে আছি একটা ঘুমহীন স্বপ্ন দেখবো বলে
যেখানে রেটিনার সহস্র তীব্রতায় ভেঙে যায়
স্মৃতিপটের আধার


∆∆
 ক্ষয়- প্রাপ্তি

তোমার অবয়ব মুছে ফেলার  কোনো অবসর  নেই আমার
অথচ সম্পর্কের গায়ে শুয়ে থাকা বাসি ফুলের  নকশা এঁকে চলেছি
আরো ক্ষীণ হয়ে থাকে গোলাপের চূড়া
সময় হয়ে এলে মুড়ির মতো উড়ে যায় আমাদের কথোপকথনের রেখা

মাছের শ্বাস ঘন ঘন হয়ে এলে,
সে এক তেজস্ক্রিয় বিকিরণ ঘটে
যেন তোমার লেখা চিঠির আসরে আমার অপেক্ষার ক্ষয় হচ্ছে

∆∆
খসে পড়া পাতার স্মৃতি

দোপাটি ফুলের পাপড়ি মতোই আলগা হয়ে আসছে সম্পর্কের সুতো
চুপ
   আরো চুপ
এখন শান্ত হয়ে বসে থাকা পেঁচার কাছে আমার উদাসীনতা র কথা বলি

এই অবেলায় মেঘের আদরে বৃষ্টি আরো কাছে আসছে
এক একটা স্মৃতি আরোহণ-পর্ব হয়ে

অলংকরণ - নিশিপদ্য‌
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

Thursday, 14 September 2023

কবিতা

বনশালুকি জল পর্ব -২

সব্যসাচী মজুমদার এর কবিতা -

∆∆
পড় জল…

পড় জল জলপর্ব জলেহস্মিন
পড় হস্তি হস্তির চলন চলৎশক্তি
শেখ উদ্ভিদ ভেদন ক্ষমতা ভেদ্য পর্দা
শেখ পদাধিকার প্রতিবর্ত ক্রিয়া অপরার দেহ
বোঝ দেহগন্ধ গন্ধকের খনি খনন প্রক্রিয়া
বোঝ ক্রীড়াক্ষেত্র ক্ষেত্র সমীক্ষা ইক্ষ্বাকুবংশ
দেখ বংশানুক্রমিক ক্রোমোজোম জমদগ্নি
দেখ অগ্নিভ অরণ্য দণ্ডকারণ্য আরণ্যক
শোন শ্লোকজন্ম জন্মমিথ মিথের কাহিনি
শোন অক্ষৌহিণী হীনপ্রেত প্রেতের ফুৎকার
গাও কারবালা বালার আঘাত দ্বিঘাত প্রেক্ষণ
গাও প্রেক্ষাগৃহ গৃহের হিংসা রিরংসার ভাষা
বল ভাষার কাম কামনাদেব এমতাবস্থা
বল অবস্থানভূমি ভূমির ক্ষমতা মর্ষক্ষমতা
লেখ ধর্ষগুণ গুণের সম্পাত পরীর প্রয়াণ
লেখ তোমারই হত্যা
                       করে ফেলে তোমার সন্তান…



∆∆
আমাকে দাও শুধু

আমাকে দাও শুধু রাস্তা বিস্তর 
অন্ধ মাকড়েরা যেভাবে জাল গড়ে,
আমাকে দাও তার কার্য- কৌশল
আমাকে দিও আম কাঁঠাল ভরা আলো…
হাঁটতে গিয়ে ছুঁয়ে দেখার মতো জল

এখানে অক্ষর যাত্রা করলেই
সামনে উড়ে যায় পাল্টা পরিযান
আকাশে মেরি জান,তোমারও ভাগ ছিল
এটুকু জানাবার শর্তে দিও শুধু
তোমার অনুদিত কাব্য পুস্তিকা…

অলংকরণ- সুধাংশু বাগ
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

Friday, 8 September 2023

কবিতা

বনশালুকি জল পর্ব -১


অঞ্জন ঘোষ রায় এর কবিতা -

ধ্রুব 

জুবুথুবু ধোঁয়া ওঠা ঝিল এর উপর 
এক বিশাল পেল্লায় জাল বিছিয়ে রাখা আছে।
মাকড়সার নাকি মানুষের?

অন্ধকার স্বর্গ যেমনটা দেখতে হতে পারে,
ঠিক তেমন একটা 
ফ্রেম তুলে ধরবার চেষ্টা করে চলেছি আমি।

সমস্ত কবিতার বয়স সেই আদিম যুগ থেকে ধরা হয়েছে এই ফ্রেমে,

যেখানে মৃত্যু আর বিচ্ছেদ সমানুপাতিক।

এর কোনো নতুন সংস্করণ নেই,নিরন্তর,
অন্তহীন গদ্যের মতন ধ্রুব।।

অলংকরণ - অঞ্জন দাস
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••


Thursday, 7 September 2023

কবিতা

বনশালুকি জল পর্ব -১

পিন্টু‌ পাল এর কবিতা -

নির্জনতা

১.
এখানে এই ভালোবাসা কতুটুকু, কার ? 

কোনো একদিন ভিনদেশী আয়ু 
দূরে দূরে গিয়ে 
অবিকল নৌকার মতো 
অতলে হারায়... 

২.
ভালোবাসা ফুরায়নি এখনো...

এর মাঝে নির্জনে 
কোপাই নদী আসে  

মাঝে মাঝে জলেই দেখি মুখ

∆∆
মৃত পাখি ও একটা লাঙল
           

মাটি ভেজা গন্ধ , হৈচৈ ,অথচ একে একে রাত্রি ছিঁড়ে দেয় সব  
ভেসে আসে দূরে, জাহাজ নক্ষত্রের আলো  ---
দাঁড়িয়ে শান্ত সাঁঝবেলা, খালি পা, পুব দিকে হেঁটে হেঁটে 
এক দগ্ধকাতর চাষি, ফেরে , যেন কলসী খুইয়েছে  ঘাটে

ভাঙা লাঙলের গান, বাঁকা আলপথ, কিংবা সেই ঘাসমারা কালো দু'পা --
দৃষ্টি স্থির চোখ ; খেয়েছে গুপ্তছোবল  
ছেঁড়া গেঞ্জি  কাঁধে, দ্যাখে 
 তবুও সে দ্যাখে , তাকিয়ে তাকিয়ে ---
বাঁশবনে একটা ওস্তাদ বিড়াল চুপটি করে গিলে ফেলে আলো... 

এ পৃথিবীতে বুড়ো নক্ষত্রই জানে
 ক্ষুধার্ত পাখি আর লাঙল নতুন করে বাঁচতে চেয়েছে বারবার

∆∆
বান্ধবীগাছ


রোহিনার সাথে আমার প্রেমের 
সম্পর্ক ছিল না কোনো দিন 

মূলত সমান্তরাল দাঁড়িয়ে থাকা 
হিজলগাছের মতো 

মাঝে মাঝে ফুল ধার নিতাম ! 


∆∆
রেলওয়ে ট্র‍্যাক 


কাগজকে টুকরো টুকরো করে 
কেউ ফেলে দিয়েছে রেলওয়ে ট্র‍্যাকে

স্টেশনের বাঁপাশে দাঁড়িয়ে থাকা 
জনা তিরিশ লোক ভাবছে 
---পরিত্যাক্ত হিসাব কিংবা মন খারাপ

তারপর গণদেবতা এক্সপ্রেস 
বিশুদ্ধ হাওয়ায় 
টুকরোগুলোকে পার করে দিল আরেকটি ট্র‍্যাক

অলংকরণ- সুধাংশু বাগ

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••




Wednesday, 6 September 2023

কবিতা

বনশালুকি জল পর্ব-১

সৌরভ বর্ধন এর কবিতা -

নক্ষত্র

বিদ্যুৎহীন রাতে আমি শুকতারার জন্য
হলদেটে গরদের মেঘ
জ্বেলেছি ঘোরের কোণে
জালার মধ্যে রেখেছি মূকপাখি -----
সে বাণিজ্য জানে না, শব্দও জানে না

সার্থকভাবে এই সুযোগ নিয়ে
নির্বিকার নাড়ীটির ভিতর প্রতিরাতে
একটু একটু করে নক্ষত্র স্থাপন করেছি

আর সেই চিক্কন স্তম্ভের আলো পড়েছে সারাগাঁয়ে


পাখিপুঞ্জ

মাঝির জন্য অপেক্ষায় বোরোধান স্থির হয়ে আছে
হাটকানো ক্ষেতের ভেতর বহু কোমর জলের তলায়
২৫ হাত পানির কৃষিকাজ, কৌড়ির বুকের মধ্যে ঢেউ
আমি দেখিনি বলেই এখন চাঁদরে পোহায় পাখিপুঞ্জ
বিছানার গায়ে যত দ্বন্দ্ব -- লেগে আছে ব্রাহ্মী শাকে

অথচ একদিন নদীই চূড়ান্ত নেমে আসবে দেহে ----
উড়ন্ত পাখির পা হয়ে      পা গুটিয়ে রেখে প্রকাশ্যে


উদান দহন

কিছুদিন কিছু দীর্ঘ দহন শেষে
এই কায়াদিঘি ভরে যাবে অরণ্য হাওয়া জলে
উঁচু মেঘ, আরও অটুট জলীয় ভারে
তবু সীমাহীন হবো স্বাদ
সংকীর্ণ পোশাক পড়ে আছে খালেবিলে
                 স্বতোৎসারিত ভাষার ছায়ায়
                 বসে আছে দীর্ঘক্ষণ

আর দগ্ধ হয়ে ছুটছে নয়ন ঈষৎ নয়নে, সমভিব্যাহারে

তবুও ভ্রান্ত নির্জনতা, ভ্রান্ত আহতের শয়নকাল
যেন নিসর্গভয় ঝেড়ে ফেলে, রমনব্যথায়
ফুলের পাহাড় সে বয়নের মতো তুলে ধরে
আঁকড়ে ধরে ঘুম ও জীবনের কুহু কুহু ডাক ------
উদান ভাসে চিৎকারে ----- সহায় ও সহায় তোমার
আমি পেয়েছি তোমায় গাঢ়তম অন্ধকারে...

অলংকরণ - নিশিপদ্য‌

____________________________________________________________